ক্যাবিনেটের প্রথম বৈঠকেই ছয় বড় সিদ্ধান্ত নিল বাংলার প্রথম বিজেপি সরকার

anupam.sao2011@gmail.com
3 Min Read

আজ নবান্নের সভাঘরে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী Suvendu Adhikari জানান, আগামী দিনে সরকার পরিচালনার ক্ষেত্রে তাঁর প্রধান গুরুত্ব থাকবে সংবিধান। সংবিধানকে মান্যতা দিয়েই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলার মানুষের জন্য কাজ করবে নতুন সরকার।

প্রথম ক্যাবিনেট বৈঠকেই ছয়টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সবুজ সংকেত দেওয়া হয়েছে।

১) শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা

প্রথম ক্যাবিনেট বৈঠকে বাংলায় রক্তপাতহীন, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হওয়ায় রাজ্যের সাধারণ মানুষকে ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি নির্বাচন কমিশন, ভোটকর্মী, গণনাকর্মী, বাইরের অবজারভার, কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, সংবাদমাধ্যম, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, প্রার্থী ও প্রত্যক্ষ-পরোক্ষভাবে যুক্ত সকলকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।

২) নিহত ৩২১ পরিবারের দায়িত্ব নেবে সরকার

যাঁদের আত্মবলিদানের মধ্য দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করা হয়েছে, সেই ৩২১টি পরিবারের সমস্ত দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি ওই হত্যাকাণ্ডগুলির বিচার প্রক্রিয়ার দায়িত্বও সরকার গ্রহণ করবে বলে জানানো হয়েছে।

৩) বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন

সীমান্তবর্তী এলাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও বিএসএফ-কে জমি হস্তান্তরের যে প্রক্রিয়া দীর্ঘদিন আটকে ছিল, তা অনুমোদন করেছে নতুন সরকার। মুখ্যসচিব ও ভূমি দপ্তরের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফের প্রয়োজনীয় জমি হস্তান্তর করতে হবে।

৪) বাংলায় চালু হচ্ছে আয়ুষ্মান ভারত সহ কেন্দ্রের একাধিক প্রকল্প

প্রধানমন্ত্রীর পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য সচিব, মুখ্যসচিব ও মুখ্যমন্ত্রীর উপদেষ্টাদের কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় চুক্তি সম্পন্ন করে দ্রুত প্রকল্প চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

এর পাশাপাশি কেন্দ্রের আরও একাধিক প্রকল্পে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—

  • প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা
  • প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা
  • প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা
  • বেটি বাঁচাও, বেটি পড়াও
  • উজ্জ্বলা যোজনা ৩.০

জানানো হয়েছে, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পে পড়ে থাকা প্রায় ৮ লক্ষ ৬৫ হাজার আবেদন কেন্দ্রীয় MSME দপ্তরে পাঠানো হবে। একইভাবে উজ্জ্বলা যোজনার বকেয়া আবেদনগুলিও দ্রুত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

৫) WBCS আধিকারিকদের বাইরের রাজ্যে প্রশিক্ষণ

এবার থেকে WBCS ক্যাডারের আধিকারিকরা অন্য রাজ্যেও প্রশিক্ষণ নিতে পারবেন বলে সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতা পশ্চিমবঙ্গে কার্যকর করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

৬) সরকারি চাকরিতে বয়সে পাঁচ বছরের ছাড়

দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় বহু চাকরিপ্রার্থীর বয়সসীমা পেরিয়ে গিয়েছে। সেই কারণে সমস্ত সরকারি চাকরিতে বয়সের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। এর ফলে বহু যুবক-যুবতী আবার চাকরির আবেদন করার সুযোগ পাবেন।

আগের প্রকল্প বন্ধ হচ্ছে না

মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, আগের সরকারের কোনও প্রকল্প বন্ধ করা হবে না।

আগামী সোমবার ফের ক্যাবিনেট বৈঠক

জানানো হয়েছে, আগামী সোমবার আবার ক্যাবিনেট বৈঠক হবে। সেখানে সরকারি কর্মচারীদের পে কমিশন ও ডিএ সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Share This Article
Leave a comment