
আজ সোমবার নন্দীগ্রামে “জন কল্যাণ শিবির”-এর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, কেন্দ্রীয় সরকার “উন্নত ভারত-গ্রামীণ কর্মসংস্থান ও জীবিকা নিশ্চয়তা মিশন” (VB-G RAM G) প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গ সরকারের জন্য ৮,৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে। যেখানে বিগত সরকারের আমলে বিভিন্ন দপ্তরের ফান্ড নিয়ে যেভাবে কেন্দ্র ও রাজ্য সরকারের সংঘাত লেগেই থাকত, সেই দিক থেকে দেখতে গেলে এই খবর পশ্চিমবঙ্গবাসীর জন্য ইতিবাচক।
মাননীয় মুখ্যমন্ত্রী আরও জানান যে, গ্রাম সড়ক যোজনায় ২,৪০০ কোটি টাকার অনুমোদন মিলেছে, যার মধ্যে ১,০০০ কোটি টাকা ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন যে, সারা রাজ্যে প্রায় ১,১০০টি “জন কল্যাণ শিবির”-এর ক্যাম্প চালু করা হয়েছে, যেখানে আগামী তিন দিন (১৫ থেকে ১৭ জুন) রাজ্য ও কেন্দ্র সরকারের প্রায় ৫৪টি স্কিমের সরাসরি সুবিধা নিতে পারবেন সাধারণ মানুষ। তিনি আরও বলেন যে, নবগঠিত বিজেপি সরকারের এটাই প্রথম উদ্যোগ, যেখানে মানুষ ক্যাম্পে গিয়ে বিভিন্ন প্রকল্পের বিষয়ে জানতে পারবেন এবং নাম নথিভুক্ত করতে পারবেন।
তাছাড়া অবৈধ অনুপ্রবেশকারীদের সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাওয়া উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি তিনি এ প্রশ্নও তোলেন যে, যেসব পরিবার তাদের সন্তানদের সরকার-স্বীকৃত বিদ্যালয়ে পাঠায় না এবং যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বন্দে মাতরম’ গাওয়া হয় না, তাদের সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া উচিত কি না।
আসলে এই VB-G RAM G, MGNREGA (মনরেগা)-এর পরিবর্তে কার্যকর হয়েছে, যেখানে গ্রামীণ পরিবারের জন্য ১২৫ দিনের নিশ্চিত কর্মসংস্থানের লক্ষ্য নেওয়া হয়েছে।

